ইবনে সাবিল-তামাদ্দুন ২৪ ডটকম: হজরত হাফেজ্জী হুজুর রহ. ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মক্তব প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখতেন তা অনেকটা বাস্তবায়ন হয়েছে তাঁর একান্ত শাগরেদ ও খলিফা হজরত মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ.-এর মাধ্যমে। তাঁর আবিষ্কৃত নূরানীর ভূমিকার কথা সবার জানা। এদেশে কুরআনে কারিমের সহিহ-শুদ্ধ তেলাওয়াতের পেছনে বড় অবদান নূরানীর। ‘শায়খুল কুরআন’ খ্যাত যুগের মুজাদ্দিদ মাওলানা কারী বেলায়েত হুসাইন রহ. বিদায় নিয়েছেন প্রায় চার বছর আগে, ২০১৭ সালে।
বছর-দুয়েক আগেই তাঁর জীবন ও কর্মের ওপর একটি স্মারকগ্রন্থের কাজের সূচনা হয়। হজরতের সাহেবজাদা মাওলানা মাসীহুল্লাহ, মাওলানা কালীমুল্লাহ ও মাওলানা ফয়জুল্লাহ কাজটি তদারকি করছেন। তত্ত্বাবধান করছেন মাওলানা ইসমাঈল বেলায়েত।
প্রধান সম্পাদকের কাজটি করেছেন লেখক সাংবাদিক জহির উদ্দিন বাবর। মূল সম্পাদকের কাজ করছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। স্মারকগ্রন্থটি বিশুদ্ধকরণে ভূমিকা রাখছেন মুনীরুল ইসলাম।
মাঠ পর্যায় থেকে লেখা সংগ্রহের ক্ষেত্রে হাসান আল মাহমুদ, আমিন আশরাফ, মোস্তফা ওয়াদুদ, কাউসার লাবীব, আবুল ফাতাহ কাসেমী, ইশতিয়াক সিদ্দিকীসহ আওয়ার ইসলাম টিম কাজ করেছে। অঙ্গসজ্জার কাজটি করছেন রফরফ কর্ণধার ইলয়াস হোসাইন। প্রচ্ছদ এখনও চূড়ান্ত হয়নি।
ছয় শতাধিক পৃষ্ঠার স্মারকগ্রন্থটিতে প্রায় দু’শো লেখকের লেখা স্থান পেয়েছে। সার্বিক কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। আশা করা যাচ্ছে ঈদুল আজহার আগে-পরে স্মারকগ্রন্থটি পাঠকের হাতে পৌঁছবে ইনশাআল্লাহ।


0 মন্তব্যসমূহ